Screenshot
নিউজ আলবানি ডেস্ক ॥ নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনি অঞ্চলের ক্ল্যাভারাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের তিন সদস্যদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লাউডনভিলের বাসিন্দা ২৯ বছর বয়সী নাজমুল রুবেল চালিত একটি টয়োটা প্রিয়াস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই প্রিয়াসের চালক নাজমুল রুবেল নিহত হন। একই গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ব্রঙ্কসের ৬০ বছর বয়সী মোহাম্মদ হেরামন এবং ২৫ বছর বয়সী ফাহিম হালিম ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা তিনজনই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
একই গাড়িতে থাকা ফাতিমা আক্তার (৩৩) ও এক বছর বয়সী একটি শিশুকে গুরুতর আহত অবস্থায় দ্রুত আলবানি মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা এখনও সংকটাপন্ন।
অন্যদিকে, টয়োটা ক্রাউন গাড়ির চালক ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার গাড়ির যাত্রী ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলেই মারা যান।
কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। কেন প্রিয়াস গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শেরিফ জ্যাকি সালভাতোরে এই ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেন। তিনি জানান, দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
