নিউজ আলবানি । নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানির ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট জ্যাক’স অয়েস্টার হাউস নতুন ব্যবস্থাপনায় আবারও যাত্রা শুরু করেছে। ৪৪ স্টেট স্ট্রিটে অবস্থিত এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের পুনরায় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন আলবানি মেয়র ডরসি অ্যাপলার্সসহ স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
নিজের ফেসবুক পোস্টে মেয়র ডরসি অ্যাপলার্স এ উপলক্ষে বলেন, “জ্যাক’স শুধু একটি রেস্টুরেন্ট নয়; এটি আলবানির গল্পেরই একটি অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এখানে একত্র হয়েছে, একসঙ্গে খাবার ভাগ করে নিয়েছে এবং এই শহরের হৃদয়ে অসংখ্য স্মৃতি গড়ে তুলেছে।” তিনি আরও বলেন, নতুন ব্যবস্থাপনায় এই রেস্টুরেন্টের পুনরায় চালু হওয়া আলবানির অগ্রগতিরই প্রতিচ্ছবি“এই দরজাগুলো আবার খুলতে দেখা আমাদের মনে করিয়ে দেয়, আলবানি এগিয়ে চলেছে, তবে সেই সঙ্গে আমাদের বিশেষত্বকেও সম্মান জানাচ্ছে।”
মেয়র অ্যাপলার্স তার বক্তব্যে ডাউনটাউন আলবানির চলমান উন্নয়ন কার্যক্রমের দিকেও আলোকপাত করেন। তিনি বলেন, শহরের নাইটলাইফ উন্নয়ন, স্থানীয় ব্যবসাকে সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং এমন পরিবেশ গড়ে তোলার কাজ চলছে, যেখানে বাসিন্দা ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন। তার ভাষায়, “এই পুনরায় উদ্বোধন আমাদের ডাউনটাউনে যে অগ্রগতির গতি তৈরি হয়েছে, তারই প্রতিফলন।”
এছাড়া, এই উদ্যোগে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিওভিসটা–এর ভূমিকাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন মেয়র। তিনি বলেন, “আলবানির ওপর বিশ্বাস রাখার জন্য এবং এই ঐতিহাসিক স্থানে নতুন প্রাণ সঞ্চার করার জন্য NeoVista–কে ধন্যবাদ জানাই।” তিনি আরও যোগ করেন, তাদের এই দৃষ্টিভঙ্গি কেবল এখানেই সীমাবদ্ধ নয়; বরং শহরের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।
মেয়র অ্যাপলার্স তার পোস্টে আলবানির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা এমন একটি শহর গড়ে তুলতে কাজ করছেন, যেখানে ব্যবসা সহজে বিকশিত হতে পারে, পাড়া-মহল্লাগুলো প্রাণবন্ত থাকে এবং ডাউনটাউন শহরের সম্মিলিত গর্বের প্রতিফলন হয়ে ওঠে।
জ্যাক’স অয়েস্টার হাউসের এই পুনরায় উদ্বোধন তাই শুধু একটি রেস্টুরেন্টের ফিরে আসা নয়; বরং ঐতিহ্য ও অগ্রগতির সমন্বয়ে গড়ে ওঠা আলবানির চলমান রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে।
