Screenshot
নিউজ আলবানি ডেস্ক॥ নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানি ও আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কস্টকো হোলসেল (Costco Wholesale) আগামী ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার আলবানিতে তাদের নতুন শাখার উদ্বোধন করতে যাচ্ছে।
ক্রসগেটস মলের (Crossgates) নিকটে নির্মাণাধীন প্রায় ১ লাখ ৬৩ হাজার বর্গফুটের এই বিশাল শপিং ক্লাবের কাজ এখনও চলমান থাকলেও আগ্রহী ক্রেতাদের জন্য ইতোমধ্যে সদস্যপদ গ্রহণের সুযোগ চালু করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পদে চাকরির আবেদনও গ্রহণ করা হচ্ছে।
কস্টকোর পক্ষ থেকে ক্রসগেটস মলের উপরের তলায়, ম্যাসি’স (Macy’s) স্টোরের কাছাকাছি একটি অস্থায়ী রিক্রুটমেন্ট অ্যান্ড মেম্বারশিপ সেন্টার খোলা হয়েছে। সেখানে গিয়ে আগ্রহীরা সদস্যপদ নিতে পারবেন, সদস্যপদের সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং চাকরির আবেদনও করতে পারবেন।
কস্টকোর আগমনকে রাজধানী অঞ্চলের খুচরা ব্যবসা ও কর্মসংস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি সাধারণত সাশ্রয়ী মূল্যে পাইকারি ও খুচরা পণ্য বিক্রি, জ্বালানি সেবা, ফার্মেসি এবং বিভিন্ন সদস্যসুবিধার জন্য পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতোমধ্যেই নতুন এই স্টোরকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, কস্টকোর কার্যক্রম শুরু হলে কেনাকাটার নতুন সুযোগের পাশাপাশি এলাকায় কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
