Screenshot
নিউজ আলবানি ডেস্ক॥ নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানিতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই ধারাবাহিকতায় সেন্ট্রাল এভিনিউতে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন রেস্তোরাঁ ‘সেন্ট্রাল হালাল’।
মূলত চাইনিজ ও বিভিন্ন ধরনের গ্রিল খাবারকে কেন্দ্র করে সাজানো হচ্ছে নতুন এই রেস্তোরাঁর মেন্যু। উদ্যোক্তারা আশা করছেন, বৈচিত্র্যময় স্বাদ ও মানসম্মত সেবার মাধ্যমে এটি স্থানীয় বাসিন্দাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে।
আসসালাম মসজিদের বিপরীতে ২৯৫ সেন্ট্রাল এভিনিউয়ের যে স্থাপনাটিতে দীর্ঘদিন ‘বাংলার স্বাদ’ রেস্তোরাঁ পরিচালিত হতো, সেখানে ভাড়াটিয়া পরিবর্তনের পর নতুন উদ্যোক্তারা নিয়ে আসছেন ‘সেন্ট্রাল হালাল’। সংশ্লিষ্টরা বলছেন আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে রেস্টুরেন্টটি উদ্বোধনের প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক বছরগুলোতে আলবানিতে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রোসারি, রেস্তোরাঁ, খুচরা ব্যবসা, সেবা খাত এবং বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ‘সেন্ট্রাল হালাল’-এর যাত্রা সেই অগ্রযাত্রায় আরেকটি নতুন সংযোজন।
