নিউজ আলবানি॥ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Tehran Times জানিয়েছে, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি তেহরানে তাঁর কার্যালয়ে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। শনিবার কেন্দ্রীয় তেহরানে তাঁর দপ্তর লক্ষ্য করে চালানো হামলায় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
তেহরান টাইমস জানায়, আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তাঁর কন্যা, জামাতা, নাতি এবং এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে কয়েকজন ইরানি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই। আয়াতুল্লাহ খামেনির প্রধান সহকারী মোহাম্মদ মোখবের এ তথ্য জানিয়েছেন বলে তেহরান টাইমস উল্লেখ করেছে। নতুন নেতা নির্বাচন করবে অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
এছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর এবং ইরানের ডিফেন্স কাউন্সিলের সচিব রিয়ার অ্যাডমিরাল আলি শামখানিও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে আরও বলা হয়, রোববার ভোর থেকেই হাজার হাজার মানুষ তেহরানের রাস্তায় নেমে শোক প্রকাশ করেন। ইরান সরকার ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর।
