নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাটরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। রাজ্য আইনসভায় যোগ দিচ্ছেন তিনজন নতুন প্রতিনিধি। সবাই ডেমোক্র্যাট এবং এই ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একটি ভূমিধস বিজয়—যা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না।
বিশেষ এই নির্বাচনে একজন রাজনৈতিক নবাগত ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী মেয়র জোরান মামদানির ছেড়ে যাওয়া আসনে জয়লাভ করেছেন।
৩৬ নম্বর অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে ডায়ানা মোরেনো সম্ভাব্য বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটির প্রতিনিধিত্ব করবেন।
ইকুয়েডরীয় অভিবাসী ও একজন কর্মজীবী মা ডায়ানা মোরেনো ছিলেন মেয়রের মনোনীত উত্তরসূরি। নির্বাচনী প্রচারণায় তিনি ধনীদের ওপর কর আরোপ, সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ এবং নিউ ইয়র্কবাসীদের আইসিই—অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন।
৭৪ নম্বর অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে সম্ভাব্য বিজয়ী কিথ পাওয়ার্স। ইস্ট ভিলেজ এলাকাকে অন্তর্ভুক্ত করা এই জেলায় তিনি টানা তিন বছর সিটি কাউন্সিলের সদস্য এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও আবাসন নির্মাণ, গৃহহীনতা ও মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলা, কিন্ডারগার্টেন শিক্ষার জন্য তহবিল বৃদ্ধি এবং বাস ও সাবওয়েসহ সবার জন্য উন্নত গণপরিবহনের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
অন্যদিকে, ওয়েস্ট ভিলেজ থেকে রাজ্য আইনসভায় যাচ্ছেন এরিক বটচার। সিটি কাউন্সিল থেকে রাজ্য পর্যায়ে দায়িত্ব নেওয়া এই দুই সদস্যের জয়কে দেখা হচ্ছে অভিজ্ঞ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে।
এই তিনটি আসনেই ডেমোক্র্যাটদের জয় নিউ ইয়র্ক সিটির প্রগতিশীল রাজনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
