এ কে এম শামসুজ্জামান পিন্টু :
বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণ পর্যবেক্ষণ করলে আমার কাছে মনে হয়, বিএনপি কৌশলগতভাবে এনসিপি এবং জামাতকে ব্যবহার করছে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য, যাতে আওয়ামী লীগকে কার্যত রাজনীতির মাঠ থেকে দূরে রাখা সম্ভব হয়। যদি আওয়ামী লীগকে কার্যকরভাবে অংশগ্রহণ করতে না দেওয়া যায়, তাহলে শক্তিশালী কোনো বিরোধী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতায় টিকে থাকা সহজ হয়ে যাবে। অনেক পর্যবেক্ষকের মতে, এটি তারেক রহমানের দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।
অন্যদিকে বর্তমান বাস্তবতাকে শুধু প্রতিপক্ষের কৌশল দিয়ে ব্যাখ্যা করলে পুরো চিত্র বোঝা যায় না। আওয়ামী লীগের বর্তমান দুর্বলতার পেছনে দলের ভেতরের বিভক্তি, আস্থার সংকট এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে তৈরি হওয়া স্বার্থের রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত ১৬–১৭ বছরে ক্ষমতার রাজনীতির সঙ্গে জড়িত নানা অভিযোগ, অপকর্ম এবং ব্যক্তিগত লোভ দলের সাংগঠনিক শক্তিকে অনেকটাই ক্ষয় করেছে। ফলে সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং সমর্থকরাও আগের মতো শক্তভাবে সংগঠিত নেই।
বর্তমান সময়টি আবার সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার এখন ডিজিটাল যুগ। তথ্যপ্রবাহ দ্রুত, জনমত দ্রুত তৈরি হয় এবং রাজনৈতিক সংগঠনের শক্তি শুধু নেতৃত্বের উপর নয়, বরং সংগঠনের কাঠামো, আদর্শিক অবস্থান এবং কর্মীদের মানসিকতার উপরও নির্ভর করে। শুধু ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব দিয়ে দীর্ঘমেয়াদে শক্তিশালী রাজনৈতিক সংগঠন টিকিয়ে রাখা কঠিন।
একটি রাজনৈতিক দলের শক্তি মূলত নির্ভর করে আদর্শবাদী, শিক্ষিত এবং ত্যাগী কর্মী-সমর্থকদের উপর। ইতিহাস দেখায়, যে সংগঠনগুলোর কর্মীরা আদর্শের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তারা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও নিজেদের টিকিয়ে রাখতে পারে।ৎ
বর্তমান বাস্তবতা হলো এটা আর ১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট নয়; এখন ২০২৬ সালের বাস্তবতা। প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং দ্রুত তথ্যপ্রবাহ রাজনীতির চরিত্রকেই বদলে দিয়েছে। যে ইন্টারনেট অবকাঠামো এক সময় উন্নয়নের প্রতীক ছিল, সেটিই এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও জনমত গঠনের একটি বড় ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া সমাজের ভেতরে ক্রমবর্ধমান ধর্মীয় মেরুকরণও বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ফলে রাজনৈতিক প্রতিযোগিতা এখন শুধু দলীয় শক্তির লড়াই নয়; এটি সামাজিক ও আদর্শিক প্রভাবেরও প্রতিযোগিতা।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি জটিল পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি বুঝতে হলে শুধু আবেগ নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, সংগঠনের শক্তি, জনমত এবং সামাজিক পরিবর্তনের দিকগুলোও গভীরভাবে বিশ্লেষণ করা দরকার।
(মতামত লেখকের নিজস্ব)
