লাইলা খালেদা । মার্চ মাসজুড়ে উদযাপিত উইমেন হিস্ট্রি মান্থ উপলক্ষে নিউইয়র্ক স্টেট এর রাজধানী শহর আলবানির মেয়র এক অনুপ্রেরণাদায়ী বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই মাস শুধু ইতিহাসের স্মরণ নয় এটি সেই সব নারীদের প্রতি সম্মান জানানোর সময়, যারা জাতিকে গড়ে তুলেছেন, সমাজকে শক্তিশালী করেছেন এবং নেতৃত্বের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।
মেয়র উল্লেখ করেন, ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, জননীতি ও নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। তিনি গর্ব প্রকাশ করে বলেন, আলবানি এমন একটি শহর যেখানে নারীরা রাজনীতি, ব্যবসা, শিক্ষা, শিল্পকলা ও জনসেবায় বাধা ভেঙে এগিয়ে চলেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে আলবানির মেয়রের আসনে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন যা শহরের প্রগতিশীল মানসিকতার প্রতিফলন।
এক আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরে মেয়র বলেন, শপথ গ্রহণের সময় তাঁর পেছনে দাঁড়িয়ে থাকা তাঁর দুই কন্যার উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। “এটি শুধু একটি ঐতিহাসিক নির্বাচনের মুহূর্ত ছিল না,” তিনি বলেন, “বরং দুই তরুণী মেয়ে এবং সব মেয়েদের দেখানোর একটি বার্তা ছিল যে নেতৃত্ব তাদেরও অধিকার, তাদের স্বপ্নের কোনো সীমা নেই।”
উইমেন্স হিস্ট্রি মান্থ উপলক্ষে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীর ক্ষমতায়ন ও সমতার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
