সুজন আহমেদ। নিউইয়র্কে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ক্বেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুইন্সের জয়া পার্টি হলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠানের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমার ২০ হাজার ডলারের অনুদান প্রদান করেন।
তিনি বলেন, বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বরাবরই কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় ৫০ বছরের পুরনো এই সংগঠনের জন্য প্রথমবারের মতো তিনি স্টেট অ্যাসেম্বলি থেকে উল্লেখযোগ্য অঙ্কের অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের অবদান ও ঐক্যের প্রশংসা করে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটের সদস্য জন লু এবং কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।
চেক হস্তান্তর পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ, আবাসন ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, স্টেট অ্যাসেম্বলির আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. শামসুল হক, জে মোল্লা সানীসহ সংগঠনের কর্মকর্তা ও ট্রাস্টিবোর্ডের সদস্যরা।
ধর্মীয় আবহ, নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং মূলধারার রাজনীতিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অংশগ্রহণ। তারা সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করে উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। ইফতার ও দোয়া মাহফিলে নারী-পুরুষ, যুবক এবং নবীন প্রজন্মের ব্যাপক উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম কানায় কানায় ভরে যায়।
