রাশতাব মাহমুদ ॥ দক্ষিণ ইউরোপের দেশ বসনিয়ার নিউইয়র্ক ক্যাপিটাল ডিস্ট্রিক্টভিত্তিক প্রবাসী কমিউনিটি সংগঠন এ্যাসোসিয়েশন অফ বসনিয়াক রোববার এক আন্তধর্মীয় ইফতার ও নৈশভোজের আয়োজন করে। জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মুসলিম অ্যালায়েন্স অফ আলবানির প্রধান সোহাইব চিকিমা। তিনি রমজানের শিক্ষা সহমর্মিতা, সংহতি ও মানবিকতার চর্চা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ইফতার মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরিবেশিত হয় বসনিয়ান জাতির ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। ইমাম হোসেইন মারজুক পবিত্র কোরআন তেলাওয়াত করেন। বসনিয়ান মসজিদের ইমাম জাসমিন ইফতার শেষে দোয়া করেন। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং কমিউনিটির ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতি বছর ১ মার্চ বসনিয়া ও হার্জেগোভিনার স্বাধীনতা দিবস পালিত হয়। ১৯৯২ সালের গণভোটে যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতার পক্ষে জনগণের রায়ের স্মরণে দিনটি উদযাপিত হয়। বিশেষ করে দেশটির ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় এটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
