২ মার্চ সোমবার বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিভিন্ন অপারেটরের মোট ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, আবুধাবি, সারদা (শারজাহ), দোহা, কুয়েত ও দাম্মাম—এই ছয়টি রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে শত শত যাত্রী অনিশ্চয়তার মুখে পড়েন।
সকাল ৯টায় বিমানের বিজি-৪৪৯ নম্বর দাম্মামগামী ফ্লাইট ২৭১ জন যাত্রী নিয়ে ডোর ক্লোজ করে ট্যাক্সির জন্য অপেক্ষায় ছিল। তবে পরবর্তীতে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল সৌদি আরবের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে উড্ডয়নের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়।
বাতিল হওয়া ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রায় ৫০ জনকে দুপুর ১টার রিয়াদগামী অন্য একটি ফ্লাইটে স্থানান্তর করা হয়। তবে বাকি যাত্রীদের ইমিগ্রেশন থেকে ডিপারচার সিল বাতিল করে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ কোনো হোটেল সুবিধা প্রদান করেনি বলে জানা গেছে।
হঠাৎ ফ্লাইট বাতিলে প্রবাসগামী কর্মী ও অন্যান্য যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানানো হয়নি।
