নিউজ আলবানি ॥ নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবানি শহরের ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবিলায় ইনক্লুশনারি জোনিং আইনে গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব ঘোষণা করেছেন মেয়র ডরসি অ্যাপলার্স । মেয়রের ভাষ্য অনুযায়ী, শহরে বর্তমানে সব ধরনের আবাসনের ঘাটতি স্পষ্ট, এবং দ্রুত পদক্ষেপ না নিলে ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে, যার চাপ সরাসরি পরিবারগুলোর ওপর পড়বে।
সাম্প্রতিক এক হাউজিং অডিটে এই ঘাটতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন নতুন এই প্রস্তাব সামনে আনে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, ২০ বা তার বেশি ইউনিটের আবাসন প্রকল্পে বাধ্যতামূলক সাশ্রয়ী ইউনিটের হার সর্বোচ্চ ১৩ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হবে। একই সঙ্গে আয়ভিত্তিক সীমা নির্ধারণ করা হবে এরিয়া মিডিয়ান ইনকাম এর ৭০ শতাংশে, যাতে ইউনিটগুলো আরও বেশি মধ্যম আয়ের মানুষের নাগালের মধ্যে আসে।
এছাড়া আলবানি হাউজিং ট্রাস্ট ফাণ্ড নামে একটি নতুন তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। এই তহবিলে প্রতি সাশ্রয়ী ইউনিটের বিপরীতে ৫০ হাজার ডলার অবদান রাখার বিকল্প থাকবে, যা ভাড়াটিয়াদের সুরক্ষা এবং প্রথমবারের মতো বাড়ি কিনতে আগ্রহীদের সহায়তায় ব্যয় করা হবে। ডেভেলপারদের জন্য বাধ্যতামূলক কমপ্লায়েন্স পরিকল্পনা এবং প্রতিবছর একটি বিস্তারিত হাউজিং রিপোর্ট প্রকাশের ব্যবস্থাও রাখা হচ্ছে, পাশাপাশি ইনক্লুশনারি প্রকল্পগুলোর একটি অনলাইন তালিকা প্রকাশ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
মেয়র অ্যাপলার্স বলেন, এই সংশোধনীগুলো আবাসন উৎপাদনের গতি পুনরুদ্ধার করবে এবং একই সঙ্গে সাশ্রয় নিশ্চিত করার ভারসাম্য বজায় রাখবে। ইতোমধ্যে আলবানি কমন কাউন্সিলের ১১ জন সদস্য এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন, যা বিষয়টির গুরুত্ব ও রাজনৈতিক ঐকমত্যের প্রতিফলন।
