আলবানির ঐতিহ্যবাহী সিটি হল-এ আজ মেয়র ডরসি অ্যাপলার্স-এর আমন্ত্রণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ কমিউনিটি ইফতার অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই ইফতারে বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেজরিটি লিডার চার্লস ফল মেজরিটি হুইপ ওউসু অ্যানান, মেজরিটি লিডার আলফ্রেডো ব্যালারিন, অ্যাসেম্বলিমেম্বার গ্যাব্রিয়েলা রোমেরো প্রমুখ। এছাড়া স্থানীয় প্রতিষ্ঠান লিংকন ফার্মেসি এই আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল।
আয়োজকরা জানান, রমজান শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য আত্মশুদ্ধির মাস নয়, এটি পারস্পরিক সহমর্মিতা, সংলাপ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য সময়। ইফতার অনুষ্ঠানে অতিথিরা একসঙ্গে রোজা ভাঙেন এবং আন্তঃসম্প্রদায়িক বন্ধন জোরদারে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
মেয়র ডরসি অ্যাপলার্স তাঁর বক্তব্যে বলেন, “নিউইয়র্কের রাজধানী আলবানি সবসময় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে সম্মান করে। রমজানের এই পবিত্র সময়ে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে ঐক্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই।”
