ব্ল্যাক হিস্ট্রি মান্থ উপলক্ষে আলবানি কমন কাউন্সিল আলবানি সিটির আফ্রিকান আমেরিকান ব্যক্তিত্বদের বিশেষভাবে সম্মাননা দিয়েছে। যারা নিউইয়র্ক স্টেট বাস্কেটবল হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হয়েছেন।
সিটি কাউন্সিলের একটি প্রস্তাবে সর্বসম্মত সমর্থনের মাধ্যমে তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়। কাউন্সিল সদস্যরা বলেন, এসব ব্যক্তিত্ব কেবল খেলাধুলার মাঠেই নয়, সমাজজীবনেও গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন।
সম্মানিতদের মধ্যে রয়েছেন কাউন্সিল সদস্য ডেরেক জনসনসহ লুথার বার্ডেন, লুসিয়াস জর্ডান, নেট ব্ল্যান্ড, মিল্টন হর্ন, স্কিটার হর্ন, রন ক্যারিংটন, ফ্রেড ড্যানিয়েলস, ব্রায়ান হাইনস, ট্রয় টার্নার, টেরি মার্বলি, টেইলর ব্যাটল, জেমস ট্রেনহ্যাম, হার্ব বোয়েন, জো রবার্টস, রিকি উইলকক্স, মো উডস, ক্রিকেট ও’ডেল, ক্যালভিন নিকলসন, জো কুইকলি, বিলি হ্যারেল ও জন লি।
তাঁদের সাফল্যের সূচনা হয়েছিল আলবানি সিটি হল ডিস্ট্রিক্ট থেকে। পরবর্তীতে তাঁরা কলেজ, পেশাদার, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন।
খেলাধুলার বাইরেও তাঁরা সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন—যুবকদের পরামর্শদান, স্বেচ্ছাসেবা, তহবিল সংগ্রহ এবং শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে কমিউনিটিতে অবদান রেখে যাচ্ছেন।
এই সম্মাননা আলবানির আফ্রিকান আমেরিকান ক্রীড়া ঐতিহ্য ও কমিউনিটি নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও স্বীকৃতির বহিঃপ্রকাশ।
