গভর্ণর ক্যাথি হোকুল পূননির্বাচনী প্রচারণায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের করদাতাদের অর্থায়নে পরিচালিত সমপরিমাণ অনুদান কর্মসূচিতে অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ তথ্য জানিয়েছে টেলিভিশন চ্যানেল NY1।
গভর্নরের প্রচার শিবিরের মুখপাত্র সারাফিনা চিটিকা এক বিবৃতিতে বলেন, গভর্নর হোকুলের প্রচার কার্যক্রম শক্তিশালী হচ্ছে এবং আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের জন্য প্রয়োজনীয় গতি তৈরি হয়েছে।
প্রচার শিবিরের তথ্য অনুযায়ী, হোকুলের নির্বাচনী তহবিলের ৮৭ শতাংশ অনুদান এসেছে প্রথমবারের মতো অনুদান দেওয়া ব্যক্তিদের কাছ থেকে এবং ২০ হাজারেরও বেশি ব্যক্তি এতে অংশ নিয়েছেন। বর্তমানে তাঁর প্রচার তহবিলে ২ কোটি ডলারেরও বেশি অর্থ রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্রুস ব্লেকম্যান যেখানে ব্যয়বহুল প্রচারণা চালাচ্ছেন, সেখানে গভর্নর হোকুল করদাতাদের অর্থ গ্রহণ না করে সেই অর্থ জনকল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় করার পক্ষে। তাঁর দাবি, নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় কমাতে তিনি উপলভ্য সব সম্পদ ব্যবহার করছেন।
অন্যদিকে ব্লেকম্যানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে তিনি সরকারি সমপরিমাণ অনুদান কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, সম্প্রতি গভর্নর হোকুল রাজনৈতিকভাবে ইতিবাচক সময় পার করছেন। জুনে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনের আগে তিনি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন। পরবর্তীতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর এন্টনিও ডেলগার্ডো প্রার্থিতা প্রত্যাহার করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে গভর্নর হোকুলের আত্মবিশ্বাস ও আর্থিক শক্তিমত্তারই প্রতিফলন।
